শাহবাগ মোড় অবরোধ করে আজও প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজট
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—১. সহকারী প্রকৌশলী পদে যোগ্যতা নির্ধারণ: নবম গ্রেডের সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে কেবল বিএসসি ডিগ্রিধারীরা অংশ নিতে পারবেন। সব প্রার্থীকে সমানভাবে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে। কোনো ধরনের কোটার ভিত্তিতে পদোন্নতি বা বিকল্প পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. ডিপ্লোমা কোটা বাতিল: দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে বর্তমানে বিদ্যমান ১০০ শতাংশ ডিপ্লোমা কোটার বাতিল দাবি করেছে তারা। একই সঙ্গে এ পদে ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ ও উচ্চতর ডিগ্রিধারী বিএসসি কিংবা এমএসসিদেরও আবেদন করার সুযোগ দিতে হবে।
৩. ‘ইঞ্জিনিয়ার’ পদবি নিয়ন্ত্রণ: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে একই দাবিতে শাহবাগ অবরোধে বসেছিলেন বুয়েট শিক্ষার্থীরা। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর তারা রাত ৮টার দিকে সরে যান। ওইদিন একই সঙ্গে রাজধানীর বনানীতে পোশাকশ্রমিক এবং গাবতলীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক দাবিতে অবরোধ কর্মসূচি পালন করায় শহরের বিভিন্ন সড়কে ভয়াবহ যানজট দেখা দেয়।
আজকের কর্মসূচিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, আমরা প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করেছি। তবে এখানেই সীমাবদ্ধ থাকব না, প্রয়োজনে অন্যত্রও কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।
দ্বিতীয় দিনের এই অবরোধ কর্মসূচির কারণে শাহবাগসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।