ঋণের বোঝা কমাতে নতুন অর্থায়ন উৎস ও আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পরিকল্পনা
সরকার ঋণের চাপ কমানোর লক্ষ্যে বিকল্প অর্থায়ন উৎস বৃদ্ধি এবং আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডলার বন্ড ইস্যু, হংকংয়ে বাংলাদেশভিত্তিক ইক্যুইটি ফান্ড গঠন, পাশাপাশি সামুরাই ও পান্ডা বন্ড ছাড়ার উদ্যোগ।
এছাড়া, স্থানীয় মুদ্রায় সুকুক বন্ড এবং বিদেশি মুদ্রায় বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার কক্সবাজারে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ’ উদ্বোধন শেষে এসব পরিকল্পনা সাংবাদিকদের জানান।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে ঋণ ব্যবস্থাপনায় শুধুমাত্র বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণের ওপর নির্ভর করা সম্ভব নয়। এজন্য নতুন ধরনের অর্থায়ন উৎস যেমন ডলার বন্ড, ইক্যুইটি ফান্ড, সামুরাই ও পান্ডা বন্ড ইস্যু করা হচ্ছে। তিনি আরও বলেন, স্থানীয় ও বিদেশি বন্ডের সমন্বয়ে অর্থ সংগ্রহ করা প্রয়োজন কারণ উন্নয়ন ও বিনিয়োগের জন্য বিদেশি মুদ্রার চাহিদা রয়েছে।
ঋণের গুণগত মান ও ব্যয় কমানোর জন্য ইক্যুইটি, স্থানীয় ও বিদেশি বন্ডের মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ঋণ সংগ্রহের পাশাপাশি সেই অর্থ মানসম্মত প্রকল্পে বিনিয়োগ হচ্ছে কিনা এবং প্রত্যাশিত সুফল আসছে কিনা তা নিশ্চিত করা প্রয়োজন। অর্থমন্ত্রী সতর্ক করেন, ঋণের পরিমাণ অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় বেশি বাড়লে তা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সরকার ২০২৪ সালের জুনে সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৩৬ শতাংশ। গত দুই বছরে ঋণের পরিমাণ বেড়েছে ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে চাপ থাকলেও সরকার দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুক ইস্যুর মাধ্যমে ঋণ পরিশোধ ঝুঁকি কমানোর চেষ্টা করছে।
ঋণ ব্যবস্থাপনার স্বচ্ছতা বাড়াতে ঋণ বুলেটিন প্রকাশ এবং আধুনিক গণঋণ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া কর আদায় বাড়ানো, ব্যাংকিং খাতের সংস্কার এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেও সরকার গুরুত্ব দিচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় দুই দিনের এই সম্মেলনে ঋণ ব্যবস্থাপনা ও নতুন অর্থায়ন উপকরণ নিয়ে আলোচনা হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে বাস্তবসম্মত সুপারিশ তৈরি করাই সম্মেলনের প্রধান উদ্দেশ্য।