ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ান কার্গো জাহাজে ড্রোন হামলা

ফিনল্যান্ড উপসাগরের পূর্ব অংশে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার মুখে পড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পার্টা-২ নামের এই কার্গো জাহাজটি শনিবার সকালে বাল্টিক সাগরে কালিনিনগ্রাদের দিকে যাত্রার সময় ড্রোন আক্রমণের শিকার হয় এবং এতে আগুন লাগে। ওই সময় জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করেছিল।

হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজটির অবস্থান সুয়ারসারি দ্বীপ থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে শনাক্ত করা হয়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, স্পার্টা-২ রাশিয়ার একটি কোম্পানি পরিচালিত এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র ও চলতি বছরের শুরুতে ইউক্রেনের নিষেধাজ্ঞার আওতায় পড়ে।

ফিনল্যান্ডের কোস্ট গার্ড জানিয়েছে, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে তারা হামলার খবর পায়। এই ঘটনার পর ওই এলাকায় সাময়িকভাবে বিমান ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের এ হামলায় জড়িত থাকার সম্ভাবনা প্রকাশ করেছে, তবে কিইভ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেন, “যুদ্ধ আমাদের খুব কাছে চলে এসেছে। ইউক্রেনের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার অধিকার রয়েছে।”

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, তবে এ অঞ্চলের সরবরাহ ব্যবস্থায় কোনো ঝুঁকি নেই।

তিনি আরও জানান, রুশ উদ্ধারকারী জাহাজ স্পার্টা-২-এর কাছে পৌঁছালে ক্রুদের বলা হয়, তাদের সরিয়ে নেওয়ার দরকার নেই এবং তারা যাত্রা চালিয়ে যাবেন।

পরবর্তীতে ফিনল্যান্ডের সীমান্তরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটির ক্রুদের অন্য একটি রুশ জাহাজে স্থানান্তর করা হয়েছে এবং সেই জাহাজ রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়ে ন্যাটোকে অবহিত করেছে। প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেন, হামলার তদন্তের দায়িত্ব ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর ওপর এবং বিষয়টি সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলছে।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর বাল্টিক সাগর যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরেও দূরপাল্লার হামলা বাড়িয়েছে।

All Categories