গভর্নরের স্বাধীনতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে ব্যাংক ব্যবস্থাপনায়
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, গভর্নরের কার্যক্রমের জন্য একটি কার্যকর জবাবদিহিতা ব্যবস্থা থাকা প্রয়োজন, পাশাপাশি তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেন অযাচিত রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন ড. আহসান। এই আলোচনা পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করাই এর সফলতার প্রধান চাবিকাঠি। গভর্নর, পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করার জন্য ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে সংশ্লিষ্টদের। গভর্নরকে এমন পরিবেশ প্রদান করতে হবে যাতে তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তবে এর সঙ্গে জবাবদিহিতাও সমান্তরাল থাকতে হবে।
সম্প্রতি ব্যাংকিং খাতের চলমান সমস্যার সমাধানে স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন প্রয়োজনীয়তা উল্লেখ করে ড. আহসান বলেন, এই প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণ ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারবে। যথাযথ মূল্যায়ন ও পরিচালনার মাধ্যমে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমানো সম্ভব হবে এবং আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে। তবে এর পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ গোলটেবিল আলোচনায় জানান, ২০০৪ সালে এমডির দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকের ঋণের অবস্থা খারাপ ছিল। ২০১০ সালে তিনি ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে ২০২৪ সালে আবার খেলাপি ঋণের হার ৫০ শতাংশের ওপরে উঠে যায়। তিনি বলেন, অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের চাপ এসবের কারণ। খেলাপি ঋণের এই হারে দ্রুত উন্নতি সম্ভব নয়।
তিনি আরও বলেন, ব্যাংকের অর্থ জনগণের আমানত, তাই ঋণ বিতরণে ব্যবসায়িক যোগ্যতা যাচাই ছাড়া রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ঋণ দেওয়া উচিত নয়। ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়ে, যা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
গোলটেবিল আলোচনায় আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিনিধিরা।