গোমস্তাপুরে ৬৭ বস্তা অবৈধ সার জব্দ ও জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহনের সময় ৬৭ বস্তা সার আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা প্রশাসন সার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে।
শনিবার গভীর রাতে বংপুর এলাকায় টহল পুলিশ ও চেকপোস্টের সদস্যরা সন্দেহজনক সার পরিবহন দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করে।
জব্দকৃত সার সাপাহার উপজেলার দিঘার হাট থেকে কানসাটের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এর মধ্যে ৬২ বস্তা ডিএপি ও ৫ বস্তা ইউরিয়া সার রয়েছে। জানা যায়, জাহাঙ্গীর নামের এক ব্যক্তি বালুচর, কানসাট ও শিবগঞ্জ এলাকায় সারগুলো পরিবহন করছিলেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন এবং সারগুলো জব্দের নির্দেশ দিয়েছেন। জব্দকৃত সার আইনি প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে এবং পরে তা ন্যায্যমূল্যে বিতরণ করা হবে।