৩১ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি শিমুল বিশ্বাসের

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস আশা প্রকাশ করেছেন যে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের চলমান সমস্যা সমাধান হবে এবং ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হবে।

শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত মজুরি বোর্ডের মতবিনিময় সভায় তিনি বলেন, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা না হওয়া সত্ত্বেও মজুরি বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। সভায় ঢাকা বিভাগের ৬০টির বেশি গার্মেন্টস কারখানার ইউনিয়ন প্রতিনিধিরা অংশ নেন।

শিমুল বিশ্বাস শ্রমজীবী মানুষের ভূমিকা তুলে ধরে বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি শ্রমিকদের অধিকারের জন্য সুস্থ ট্রেড ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, গার্মেন্টস শিল্পে দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন গঠনে বাধা থাকায় আন্দোলন নিয়ন্ত্রণ হারিয়েছে।

শ্রমিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা স্মরণ করিয়ে তিনি জানান, দমন-পীড়নের নির্দেশনা নেই এবং শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মালিকরা যদি পাওনা দিতে অস্বীকার করেন, তাহলে সরকারকে শ্রমিকদের পক্ষে অবস্থান নিতে হবে।

শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য শিল্পাঞ্চলে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে, যার প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানান তিনি। এছাড়াও শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ কার্যক্রম চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে এবং পুলিশের শ্রমিকদের প্রতি আচরণ পরিবর্তনের প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।

All Categories