রাজস্থানে ট্রাকের পেছনে ক্রুজারের সংঘর্ষে ৯ জন নিহত
ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এই দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত আড়াইটার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী ক্রুজার গাড়ি ধাক্কা দেয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটিতে মহারাষ্ট্রের এক পরিবারের ১৫ জন যাত্রী ছিলেন, যারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চালকের ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
আহতদের দ্রুত নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম রাখা হয়েছে। পুলিশ সুপার তেজস্বিনী গৌতম এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধারকাজ তদারকি করেন।
অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী নিহতদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক উল্লেখ করে জানিয়েছেন, আহতদের যত্ন নেওয়াই এখন প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, নিহতদের ময়নাতদন্ত করা হবে।