Apr 01, 2026
রোমাঞ্চকর ম্যাচে বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

রোমাঞ্চকর ম্যাচে বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

দীর্ঘ চার দশকের অপেক্ষা, বঞ্চনা আর না পাওয়ার আক্ষেপ ঘুচল অবশেষে। বলিভিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ইরাক। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বমঞ্চে ফিরছে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’রা।

মঙ্গলবার মেক্সিকোর মন্তেরেইতে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইরাক। এই জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮টি দলের অংশগ্রহণ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বলিভিয়াকে চেপে ধরে ইরাক। ফলও আসে দ্রুত। আলী আল-হামাদির এক দুর্দান্ত হেডে লিড নেয় মধ্যপ্রাচ্যের দেশটি। তবে পিছিয়ে পড়ে দমে যায়নি বলিভিয়া। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ময়েসেস পানিয়াগুয়া গোল করে দক্ষিণ আমেরিকার দলটিকে সমতায় ফেরান।

১-১ সমতায় বিরতি থেকে ফেরার পর ম্যাচের দৃশ্যপট বদলে দেন ইরাকের প্রাণভোমরা আয়মেন হুসেইন। ম্যাচের ৫৩ মিনিটে এক ক্লিনিক্যাল ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক কৌশলে মনোযোগী হয় ইরাক। ম্যাচের বাকি সময় বলিভিয়া একের পর এক আক্রমণ করলেও ইরাকের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মাতেন ইরাকের খেলোয়াড় ও সমর্থকরা।এটি শুধু একটি জয় নয়, এটি ইরাকি ফুটবলের পুনর্জন্ম।  গ্রাহাম আরনল্ডের অধীনে ইরাকি ফুটবলে যে নতুন যুগের সূচনা হয়েছিল, এই জয় যেন তারই পূর্ণতা।

অন্যদিকে, দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হারের বিস্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বলিভিয়াকে। তাদের স্বপ্নভঙ্গের দিনে ইতিহাস গড়ল ইরাক।২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণে এবারই প্রথম আয়োজিত হবে সবচেয়ে বড় মেগা আসর। আর সেই আসরে অন্যতম লড়াকু দল হিসেবেই নিজেদের নাম লেখাল ইরাক।

All Categories