রোহিঙ্গা সংকট সমাধানে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ বর্তমানে একটি জটিল ও উভয় সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরাকান আর্মি। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের উপেক্ষা করতে। তবে জাতীয় স্বার্থে প্রয়োজনে অরাষ্ট্র প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করা যেতে পারে।

প্রবাসীদের সেবায় গুরুত্বারোপ করে তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানই হতে হবে আমাদের অগ্রাধিকার। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও জনগণকে সেবা দেওয়াই মুখ্য বিষয় হওয়া উচিত।

বিদেশে কর্মী পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশ থেকেই ৮০ ভাগ সমস্যা তৈরি হয়, যা পরে দূতাবাসকে সামাল দিতে হয়। যদি সঠিকভাবে প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে কর্মী প্রেরণ করা যায়, তাহলে প্রবাসীদের সমস্যা কমবে এবং দূতাবাসগুলোর ওপর চাপও হ্রাস পাবে।

রেমিট্যান্স প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ১৯৮০-এর দশকে যেখানে রপ্তানি আয় ছিল মাত্র ১ বিলিয়ন ডলার, বর্তমানে তা দাঁড়িয়েছে ৬০ বিলিয়ন ডলারে। এ অগ্রগতিতে কিছুটা হলেও দূতাবাসগুলোর ভূমিকা রয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও এক কোটি প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ফরেন সার্ভিসের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে তৌহিদ হোসেন বলেন, “মুক্তিযুদ্ধ চলাকালীন বৈশ্বিক জনমত তৈরিতে পররাষ্ট্র কর্মকর্তারা কলকাতা থেকে কাজ শুরু করেছিলেন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে সেখানে গঠিত হয় ডেপুটি হাইকমিশন।

প্রতিবছরের মতো এবারও ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

All Categories