রবার্ট এগার্সের নতুন সিনেমা ‘ওয়্যারউলফ’ প্রকাশ পেল ট্রেলার
আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে ফোক হরর ঘরানায় নিজস্ব নির্মাণশৈলীর জন্য পরিচিত পরিচালক রবার্ট এগার্স। তিনি ইতিহাসের বিভিন্ন সময় ও লোককথাকে ভৌতিক আবহে পর্দায় তুলে ধরার জন্য পরিচিত। ‘দ্য উইচ’, ‘দ্য লাইটহাউস’ ও ‘নসফেরাতু’র পর এবার নতুন ভয়ের গল্প নিয়ে হাজির হয়েছেন তিনি।
এগার্সের নতুন সিনেমার নাম ‘ওয়্যারউলফ’, যা ১৩ শতকের ইংল্যান্ডকে পটভূমি করে নির্মিত হয়েছে। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
ট্রেলারে অ্যারন টেলর-জনসনকে দেখা যায় এক রহস্যময় অভিশাপের শিকার ব্যক্তির চরিত্রে, যিনি ধীরে ধীরে রক্তপিপাসু নেকড়ের মতো প্রাণীতে রূপান্তরিত হতে থাকেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন লিলি-রোজ ডেপ, যিনি স্বামীকে এই অভিশাপ থেকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠছেন।
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন উইলেম ড্যাফোও, যিনি আতঙ্কিত লোকালয়ের নেকড়েদের হাত থেকে মানুষকে রক্ষা করতে এক যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন। ট্রেলারে তার কণ্ঠে শোনা যায়, ‘প্রতিটি নেকড়েই মরবে!’
ট্রেলারের শেষদিকে অ্যারন টেলর-জনসনের চরিত্রটির ভয়ংকর রূপান্তরের ইঙ্গিত পাওয়া যায়। আকাশের দিকে তাকিয়ে থাকা তার কাঁপতে থাকা শরীর এবং অস্বাভাবিক পশুর রূপ নেওয়ার দৃশ্য সিনেমাটির ভৌতিক আবহকে আরও স্পষ্ট করেছে।
এ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফোকে। এর আগে তারা রবার্ট এগার্সের ‘নসফেরাতু’তে একসঙ্গে অভিনয় করেছিলেন, যা ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে প্রায় ১৮ কোটি ডলার আয় করে। পাশাপাশি সিনেমাটি চারটি কারিগরি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল।
‘নসফেরাতু’র সাফল্যের পর একই তিন অভিনেতাকে নিয়ে ভিন্ন এক ভৌতিক গল্প বলছেন এগার্স, ফলে ‘ওয়্যারউলফ’ নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে।
‘ওয়্যারউলফ’ সিনেমাটি আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।