রাজউকের ১৬ বছরের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাবসহ সকল কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্লট, ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ যাবতীয় লেনদেন ও কার্যক্রম পর্যালোচনা করা হবে।
মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের অ্যালোকেশন অব ফাংশনস, কর্মকর্তাদের চার্টার অব ডিউটিস এবং ২৩ এপ্রিলের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষার জন্য পরিকল্পনা প্রণয়ন করবে এবং সেই অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করবে। নিরীক্ষাটি রাজউক আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য (নাম, পদবি, মোবাইল নম্বর) মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
রাজউককে নিয়মিত নিরীক্ষার অগ্রগতি সম্পর্কে অবহিত রাখতে হবে। তিন মাসের মধ্যে নিরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর মন্ত্রণালয়ের সচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।