রাজশাহী ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু এবং বাংলাবান্ধা ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঘটে এই দুর্ঘটনা যার পর একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামনুল ইসলাম এই বিষয়ে বিস্তারিত জানান বলেন শনিবার দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিল এবং অন্য একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিল ঠিক তখনই বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে ধুমকেতু ট্রেনের ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। যার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে অন্য একটি লাইনে ট্রেন চলাচল ঠিকভাবে চলছে।
দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। মামনুল ইসলাম জানান বগিটি উদ্ধারে সময় লাগবে।
রাজশাহী রেলের স্টেশন ম্যানেজার শহিদুল আলম সংবাদমাধ্যমকে জানান দুর্ঘটনায় যেহেতু দুটি ট্রেনই ছিল খালি তাই কোনো যাত্রী আহত হয়নি।রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের চলাচলে কিছুটা বিলম্ব হতে পারে। তিনি জানান বিলম্বের সময় বিকেল ৪টার পর থেকে হতে পারে।
এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা কাজ করছেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।