রাজধানীর মৌচাকে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার
রাজধানীর মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা দুজনই পুরুষ এবং আনুমানিক বয়স ৩৫-৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে রমনা থানার পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রবিবার (১০ আগস্ট) সকালে ওই প্রাইভেটকারটি হাসপাতালে রাখা হয়। এরপর সেটি সরানো হয়নি। সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ গাড়ির ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহ দুটির শরীরের কিছু অংশ পচে গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ ঘটনা তদন্ত করছে এবং দ্রুত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।