রাজধানীজুড়ে যৌথবাহিনীর কড়া নজরদারি

ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার: যৌথবাহিনীর সতর্ক টহল ও তল্লাশি।ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে ঢাকায় বিভিন্ন ইসলামি দল ও সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পাশাপাশি, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিভিন্ন সংগঠন মিছিল ও সমাবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সকাল থেকেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যৌথবাহিনী সতর্ক অবস্থানে থেকে শহরের বিভিন্ন এলাকায় টহল দেয় এবং সন্দেহ হলে তল্লাশি চালায়। বিশেষ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনেসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে মোতায়েন করা হয় জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকাগুলোর আশপাশেও যৌথবাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে। কোথাও কোথাও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের জ্যাকেট পরে অবস্থান নিতে দেখা যায়।

সাম্প্রতিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রাজধানীতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

 

All Categories