রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো নিয়ে শুনানিতে অংশ নিতে আদালতে হাজির করা হয় সাবেক নৌমন্ত্রী ও মুক্তিযোদ্ধা নেতা শাজাহান খানকে। সোমবার (২১ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে হাজিরা দেওয়ার সময় তিনি বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’
আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করব।
এর আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালত থেকে হাজতখানায় ফেরার পথে আবারও সাংবাদিকদের উদ্দেশে শাজাহান খান বলেন, ‘তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এরপর আরও একবার বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘আমি সত্য বলেছি, যা ঘটেছে তাই বলেছি। তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতেই গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় রিমান্ডে রয়েছেন।