পূজামণ্ডপে গান গাওয়ায় পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, তদন্তের নির্দেশ
সিলেট নগরের এক পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় পুলিশের পোশাকে মঞ্চে উঠে গান গেয়েছেন এএসআই উদয়ন ফারুক। এ ঘটনায় তাকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
প্রত্যাহার হওয়া উদয়ন ফারুক জালালাবাদ থানায় কর্মরত ছিলেন। তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই মঞ্চে উঠে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘ওরে ওরে হাওয়া’ গানটি পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানে তার গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, ‘ওই পুলিশ সদস্য পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলার শামিল। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’