পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, মায়ের আহাজারি
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে এ ঘটনা ঘটে। সন্তান হারিয়ে মা সুমনা বারবার জ্ঞান হারাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।
মৃতরা হলো ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)।তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের সৌদিপ্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান।পরিবার সূত্র জানায়, ছাইদুল হাওলাদার বিদেশে থাকায় তাঁর স্ত্রী সুমনা দুই সন্তান নিয়ে বাবার বাড়ি হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে শিশু দুজনকে খাওয়ানোর পর সুমনা ভাত খেতে বসেন। এ সময় তারা ঘরের বাইরে খেলতে যায়।কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।
একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়া আক্তারের মরদেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধারের সময় একই পুকুর থেকে ছাহাদ হোসেনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।