পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন, পুড়েছে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে আগুনে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ পুড়ে গেছে।

সোমবার বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়।

রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানিয়েছে, বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে।

এ সময় কয়েক শ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা সাংবাদিকদের জানান, এলাকাবাসী এবং রিসোর্ট-কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এখন পর্যন্ত ৩০-৩৫টি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে। হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশ কিছু রিসোর্ট-কটেজ এরই মধ্যে পুড়ে গেছে।’

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চাকমা বলেন, 'দুপুরের প্রচণ্ড রোদ ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সাজেকে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।'

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ঘটনাস্থলে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দল রওনা দিয়েছে।

All Categories