প্রত্যেক মা-বোন-কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি মা, বোন ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধনে শিগগিরই অন্তর্বর্তী সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন বাংলাদেশে আট বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে দুঃখিত লজ্জিত ও শোকার্ত করেছে। এ ধরনের অমানবিক ও নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের দেশের শিশু এবং নারীদের কখনোই সহিংসতা নিপীড়ন বা হয়রানির শিকার হতে দেওয়া উচিত নয়।
তিনি বলেন জাতি হিসেবে আমাদের নিজেদের দিকে তাকিয়ে ভাবতে হবে যেন এ ধরনের অন্যায় আর না হয় এবং নিশ্চিত করা যায় যে সকলের স্বাধীনতা ও অধিকার সুরক্ষিত থাকবে। দেশের সব নাগরিকের প্রতি সম্মান বজায় রাখতে হবে বিশেষ করে নারীদের প্রতি যাদের প্রতিনিয়ত নানা ধরনের সহিংসতার মুখে পড়তে হচ্ছে।’
এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করতে আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দল বিএনপি ভুক্তভোগীদের সহায়তায় দুটি সেল গঠন করেছে একটি চিকিৎসা সহায়তার জন্য এবং অপরটি আইনি সহায়তার জন্য। এই সেলগুলোতে কয়েকজন অভিজ্ঞ নারী চিকিৎসক ও আইনজীবী রয়েছেন যারা ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে ও পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবারও দায়িত্ব পালনে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা লিঙ্গ ধর্ম কিংবা রাজনৈতিক মতামত নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপদ সমান ও ন্যায্য সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।