প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা

বর্তমান বিশ্বে যেকোনো সময় যুদ্ধের হুমকি আসতে পারে উল্লেখ করে প্রস্তুতি ছাড়া থাকা অসম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর ভাষায়, এমন এক বিশ্বে বাস করছি, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। যুদ্ধ হোক সেটা কামনা করি না। কিন্তু এমন এক দুনিয়ায় বাস করছি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের শঙ্কা আমাদের ঘিরে থাকে। কাজেই প্রস্তুতি না নেওয়া মানেই আত্মঘাতী সিদ্ধান্ত।

 আজ সকালে এমন খবরও পেয়েছি যে ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো সেটা গুজব। কিন্তু এমন গুজবও পরিস্থিতির বাস্তবতায় রূপ নিতে পারে।

প্রধান উপদেষ্টার মতে, যুদ্ধের প্রস্তুতিতে আপস চলে না। প্রস্তুতি নিতে হলে সেটা সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে। আধা-আধি প্রস্তুতির জায়গা এখানে নেই। কারণ, এমন পরিস্থিতিতে জয়ই একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো বিকল্প হতে পারে না,’ বলেন তিনি।

বার্ষিক মহড়ায় অংশ নেওয়া সদস্যদের প্রশংসা করে ড. ইউনূস বলেন, ‘বিমান বাহিনীর প্রদর্শন দেখে ভালো লেগেছে। এগুলো আমরা সাধারণত সিনেমায় দেখি, বাস্তবে দেখার সুযোগ মেলে না। আজকে বাস্তবে তা দেখে গর্ব অনুভব করছি।

যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশীয় প্রযুক্তির ব্যবহারে বাহিনীর আত্মনির্ভরতা এবং পেশাগত সক্ষমতার প্রশংসাও করেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ইউনূস। তাঁর ভাষায়, বাংলাদেশ কখনোই খুব শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠতে পারেনি। এর ওপর বিগত সরকারের দুর্নীতি এবং অপচয়ের কারণে অর্থনীতি আজ দুর্বল অবস্থায় আছে।

এই প্রেক্ষাপটে আমাদের সামগ্রিক কৌশল নির্ধারণ করতে হবে। শান্তির পথে হাত বাড়িয়ে রাখতে হবে, কিন্তু প্রস্তুতিও থাকতে হবে।

All Categories