প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়লো ইতালি
অবশেষে ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি।ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডসের সঙ্গী হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ইতালি। ফলে প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টে দেখা যাবে ইতালিয়ানদের।
বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছেছিল ইতালি। সেই সম্ভাবনা রূপ নেয় বাস্তবে, বাছাইয়ের শেষ ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে হার না হলেই মিলত বিশ্বকাপের টিকিট। যদিও ৯ উইকেটে হেরেছে তারা, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় দলটি।
নেদারল্যান্ডসের পর ইউরোপ অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে টিকিট পেয়েছে ইতালি। এ নিয়ে এবারের টুর্নামেন্টে জায়গা পাওয়া ১৫তম দল তারা।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ১৫টি দল। বাকি পাঁচটি দল আসবে আফ্রিকা ও এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ওই দুই অঞ্চলে হবে বাছাইপর্বের খেলা।
সর্বশেষ আসরের শীর্ষ সাত দলের মধ্যে থাকায় বাছাইপর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।