প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা আজ বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টাপাল্টি ধাওয়ার পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মির্জা বলেন, মিছিলের সামনে ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে কিছু একটা এসে আমার বাম পায়ে আঘাত করে।
এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবারও একই দাবিতে শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ ব্যবহার না করা,কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধু স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।