প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সাক্ষাৎকালে, সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধান তার সাম্প্রতিক সফরসমূহের মধ্যে বিশেষভাবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফরটি দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়ে দেন যে, সদ্য সমাপ্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন এবং সুবিচার নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি চাকরিচ্যুত জেসিও এবং অন্যান্য সেনা সদস্যদের সুবিচারের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং চলমান পর্ষদের অগ্রগতির ব্যাপারে তথ্য দেন।তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা।

এই সাক্ষাৎকারের শেষে, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা এবং দেশের নিরাপত্তা নিশ্চিতে তাদের অমূল্য অবদানের প্রশংসা করেন। তিনি সেনাবাহিনীকে ভবিষ্যতে কার্যকরী দিকনির্দেশনা দেন এবং তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং দায়িত্বশীলতা বজায় রেখে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

All Categories