প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা শিক্ষকদের, বাধা পুলিশের জলকামানে
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে পুলিশী বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছেন শিক্ষকরা। এ সময় পুলিশের জলকামানের আঘাতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে হাজারও শিক্ষক মিছিল করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। তাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণ। দীর্ঘদিন ধরে দাবি মেনে নেওয়ার আশ্বাস না পাওয়ায় তারা এই পদক্ষেপ নেন।
মিছিলটি কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পুলিশ জানায় এত সংখ্যক শিক্ষককে একসাথে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয় তবে কিছু প্রতিনিধি সেখানে যেতে পারবে। কিন্তু শিক্ষকদের বেশিরভাগই এতে রাজি হননি। তারা বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী বলেন আমাদের দাবি একটাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণ। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। সরকার যদি আমাদের দাবি মেনে নিত তাহলে আমাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হতো না।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যাত্রা করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এরপর তারা সড়কে বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দেয়।