পোপের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে কাতারের রাজধানী দোহা থেকে সরাসরি রোমে যান অধ্যাপক ইউনূস। তিনি চার দিনের সরকারি সফরে কাতারে অবস্থান করছিলেন।

প্রেস সচিব জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। বন্ধুপ্রতিম এই ধর্মনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন।

পোপ ফ্রান্সিস গত সোমবার (২১ এপ্রিল) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘ ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করেন।

All Categories