পঞ্চগড়ে কৃষির সেচ সংকট মেটাতে ব্যারাজ নির্মাণের উদ্যোগ

পঞ্চগড়ে কৃষকদের সেচ সুবিধা বাড়াতে জেলার একটি প্রান্তে ড্যাম বা ব্যারাজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এই প্রকল্পের ফলে দেবীগঞ্জ ও আশেপাশের এলাকার কৃষিজমির পানি সংকট কমে ফসল উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধি পাবে।

গতকাল শুক্রবার দেবীগঞ্জ উপজেলার দারাড়হাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এই উপপ্রকল্পে ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসনের কাজ করেছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল হালকা সেচ প্রকল্পের বাস্তবায়ন। এতে প্রায় সাত হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে এবং প্রায় পঞ্চাশ হাজার মানুষের জীবনমান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগে কৃষকরা প্রতি বিঘা জমিতে সেচ দিতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করতেন, যা নতুন প্রকল্পে কমে প্রায় এক হাজার পাঁচশ টাকা হবে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে এই খরচ আরও কমিয়ে এক হাজার টাকার নিচে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়টি নিয়ে ব্যারাজ নির্মাণ সম্পর্কে তিনি বলেন, জেলার শেষ প্রান্তে একটি ড্যাম, ব্যারাজ বা সুইচগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যা বাস্তবায়িত হলে সুন্দরদীঘি, দণ্ডপাল, চেংঠী, পামুলী, দেবীডুবা, দেবনগর ও সোনাহার এলাকার কৃষকরা উপকৃত হবেন। পানির অভাবে বর্তমানে ওই এলাকায় ধানের ফলন ১০ থেকে ১২ মণ হলেও নিয়মিত সেচ নিশ্চিত হলে তা ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। ধানের পাশাপাশি রবিশস্যের উৎপাদনও ব্যাপকভাবে বাড়বে বলে তিনি জানান।

সড়ক উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি বা সংস্কার হয়নি। বর্তমান সরকার ইতোমধ্যে সড়ক পাকাকরণের কাজ শুরু করেছে এবং সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনাও গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সরকার জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। পঞ্চগড়ের দীর্ঘদিনের পানিসংকট বিবেচনা করে ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সফল হলে কৃষিক্ষেত্র ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

All Categories