পলকসহ ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈমকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বুধবার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণী অনুসারে, ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন রিয়াজ। এই ঘটনায় ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় নিহতের মা শাফিয়া বেগম মামলা দায়ের করেন।

১৪ আগস্ট, খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে ছিলেন।

এদিকে, ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিয়াম রহমানকে রাজধানীর আদাবর এবং আনোয়ার হোসেন নাঈমকে গাজীপুরের শ্রীপুর থেকে আটক করা হয়।

All Categories