পেন্টাগন এখনো দেয়নি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমতি

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ইউক্রেনের জন্য বরাদ্দকৃত প্রায় ৬০টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিতে দেরি করছে। ২৪ নভেম্বর আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনও এই ক্ষেপণাস্ত্রগুলো হস্তান্তরের অনুমোদন দেননি। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা ইতিমধ্যেই ইউরোপীয় মজুত থেকে আসা এসব সরবরাহের জন্য অর্থ প্রদান করেছে।

বিলম্বিত চালানগুলোর মধ্যে রয়েছে পিএসি-৩ এবং পিএসি-২ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যেগুলো রুশ ব্যালিস্টিক হামলা প্রতিরোধে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। সেপ্টেম্বরে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত সরবরাহের জন্য নির্ধারিত মোট ৪০টি পিএসি-৩ এবং প্রায় ২০টি পিএসি-২ ক্ষেপণাস্ত্র এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য এগুলো খুবই প্রয়োজন। তিনি আরও সতর্ক করে বলেন, রাশিয়া নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোকে এই হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।

শীতের আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার চাপের মধ্যে থাকা ইউক্রেনের জন্য এই বিলম্ব উদ্বেগজনক। দেশটির কর্মকর্তারা বলছেন, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে তাদের সুরক্ষা কমিয়ে দিচ্ছে।

তবে ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, নাসামস আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের একটা চালান ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে এবং ইউক্রেনের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।

All Categories