পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের যুব নারীরা

পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সিরিজে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই স্বাগতিকদের হারিয়েছে তারা। মঙ্গলবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩২ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রথম চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনালের পথে ছিল শ্রীলঙ্কা। এ ম্যাচ জিতলে পাকিস্তানের ফাইনালের আশা বেঁচে থাকত, কিন্তু হারে লিগ পর্বেই বিদায় নিল স্বাগতিকেরা। আগামী ১৬ অক্টোবর একই মাঠে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬, দুটি হারই শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে ৫ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট মাত্র ২; শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও তারা সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে।

টস জিতে ফিল্ডিং নেন পাকিস্তান অধিনায়ক ফিজা ফায়াজ। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলাম ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ৪৪ রান। পাকিস্তানের রোজিনা আকরাম, সাহার বানু ও মাহনুর জেব একটি করে উইকেট নেন।

১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। রাভাইল ফারহান ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করেন। ১৩তম ওভারে তিনি রানআউট হলে কার্যত শেষ হয়ে যায় স্বাগতিকদের আশা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে পাকিস্তান। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট।

All Categories