পাকিস্তান সীমান্তে উত্তেজনা,ভারত কেন যুদ্ধবিমান ওড়াচ্ছে বাংলাদেশ সীমান্তে?
কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দোষারোপ করে সীমান্তে উত্তেজনার পারদ চড়াচ্ছে ভারত। এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। ঠিক এমন এক প্রেক্ষাপটে ভারতের পূর্ব সীমান্তেও দেখা গেছে রাফাল যুদ্ধবিমান যা নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের আকাশে দুটি রাফাল যুদ্ধবিমান উড়তে দেখা যায়। রুটিন মহড়ার অংশ বললেও ভারতীয় সামরিক বাহিনী, পত্রিকাটি ইঙ্গিত করেছে এর পেছনে রয়েছে কৌশলগত বার্তা। আর সেই বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ ও চীনকে।
কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তান জড়িত। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে। হামলার জেরে সীমান্তে বাড়তে থাকে উত্তেজনা। জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করার একদিন পর শুক্রবার ভোরেই নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে জড়ায় দুই দেশের সেনারা। তবে সেখানে ভারী অস্ত্র ব্যবহার হয়নি, হতাহতের খবরও মেলেনি।
এমন উত্তপ্ত পরিস্থিতিতেই ভারতীয় বায়ুসেনার দুটি রাফাল যুদ্ধবিমান উড়ে যায় উত্তরবঙ্গের আকাশে। এই অঞ্চলেই রয়েছে বাগডোগরা ও হাসিমারা বিমানঘাঁটি। হিন্দুস্তান টাইমস লিখেছে, সেখানে এখন তৎপরতা বেড়েছে। এটি রুটিন মহড়া হলেও সময়টি তাৎপর্যপূর্ণ।
পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, কাশ্মীরে যদি ভারত পাল্টা জবাব দেয়, পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে চীন। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও এখন বেশ শীতল।
গত বছর জুলাইয়ে ঢাকায় রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তাঁকে ফেরত পাঠানোর দাবি তুলেছে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
চলতি বছরের মার্চে চীন সফরে গিয়ে ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ‘স্থলবেষ্টিত’ বলে মন্তব্য করেন। ভারতের রাজনৈতিক মহল মনে করে, এটি ছিল ‘চিকেন নেক’ নিয়ে পরোক্ষ বার্তা। এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে ভারত আশঙ্কা করছে, উত্তেজনার সুযোগে পাকিস্তান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালাতে পারে। সে কারণেই বাংলাদেশ সীমান্তসংলগ্ন অঞ্চলে রাফাল ও সুখোই–৩০ এমকেআই স্কোয়াড্রন মোতায়েন করে মহড়া চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।