পাকিস্তান পৌঁছেছে টাইগারদের দ্বিতীয় বহর

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভুলে যাওয়ার মতো এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রত্যাশার তুলনায় বাজেভাবে হেরে মাঠ ছেড়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। তবে সেই হতাশা ভুলে যাওয়ার সময়টুকুও পাচ্ছেন না টাইগাররা। এবার নতুন মিশন পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল।

রোববার (২৫ মে) সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছায় বাংলাদেশ দলের প্রথম বহর। প্রথম দফায় গিয়েছেন ১০ জন। ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব।

একদিন পর, সোমবার (২৬ মে) সকালে পৌঁছায় দ্বিতীয় বহর। এই দলে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান।

পাকিস্তানে পৌঁছেই ক্রিকেটারদের মধ্যে দেখা গেছে নতুন সিরিজ নিয়ে আত্মবিশ্বাস। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবার।

সিরিজের সূচি অনুযায়ী, আগামী ২৮ মে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রস্তুতির জন্য খুব একটা সময় না থাকলেও, সাম্প্রতিক ব্যর্থতার প্রতিশোধ নিতে মরিয়া লিটন বাহিনী। এবার দেখার পালা, পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়াতে পারে কি না বাংলাদেশ।

All Categories