অতি দরিদ্র ২০ শতাংশ রোগীর জন্য বিনা মূল্যে চিকিৎসার সুপারিশ
দেশের অতি দরিদ্র ২০ শতাংশ জনগণের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। এর মধ্যে ১০ শতাংশ রোগীকে সরকারি এবং বাকি ১০ শতাংশকে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর এ তথ্য জানান কমিশনের সদস্যরা।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, চিকিৎসক ও ওষুধ কোম্পানির মধ্যে যেকোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা—যেমন উপহার বা নমুনা ওষুধ দেওয়া—সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
কমিশন অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাড়ানো এবং প্রতি দুই বছর অন্তর এ তালিকা হালনাগাদের প্রস্তাব করেছে। প্রাথমিক পর্যায়ে এসব ওষুধ বিনা মূল্যে এবং অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি মূল্যে সরবরাহ নিশ্চিত করার সুপারিশও প্রতিবেদনে উঠে এসেছে।
কমিশন আরও বলেছে, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এবং এসব সেবা সকলের জন্য বিনা মূল্যে নিশ্চিত করতে হবে।
প্রতিবেদনে একটি স্বতন্ত্র ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ গঠনের প্রস্তাবও এসেছে, যার মাধ্যমে সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং বিদেশমুখিতা কমানোর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এছাড়া ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধে ভ্যাট ও কর মওকুফের বিষয়েও সুপারিশ করা হয়েছে।