অস্ট্রেলিয়া সিরিজেই ইতি ঘটতে পারে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে বিদায় নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। পরে সাদা পোশাকের ক্রিকেট থেকেও সরে দাঁড়ান এই দুই ভারতীয় তারকা। তবে ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তারা।

রোহিতের বয়স এখন ৩৮, কোহলির ৩৬। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় একজনের বয়স হবে ৪০, অন্যজনের ৩৮। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের আগে দায়িত্ব তরুণদের হাতে তুলে দিতে শিগগিরই আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় জানাতে পারেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, আগামী অক্টোবরে তিন ম্যাচের অস্ট্রেলিয়া সফর দিয়েই রোহিত-কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। সিরিজের ম্যাচগুলো হবে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এটিই হতে পারে তাদের শেষ ওয়ানডে সিরিজ।

বর্তমানে ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত। তিনি সরে গেলে নেতৃত্ব কার হাতে যাবে, তা নিয়ে চলছে আলোচনা। টেস্টে ইতিমধ্যে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। সাবেক তারকা সুনীল গাভাস্কার ও মোহাম্মদ কাইফের মতে, ওয়ানডেতেও গিলই হতে পারেন পরবর্তী অধিনায়ক।

এ বছরের ডিসেম্বরে হবে ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফি। দৈনিক জাগরণর দাবি, যদি রোহিত ও কোহলি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান, তবে তাদের এই টুর্নামেন্টে অংশ নিতে হবে। ঘরোয়া ক্রিকেট খেলার বাধ্যবাধকতার কারণেই সম্প্রতি ১২ বছর পর দিল্লির হয়ে রঞ্জিতে ফিরেছেন কোহলি, আর প্রায় এক দশক পর মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেছেন রোহিত।

All Categories