ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় তাঁর ওই বাড়িতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে ঘরে ঢোকে চোরেরা। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এর আগে শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করে খুলির একটি অংশ খুলে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই বিকেলে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

All Categories