অনলাইন জুয়া চক্রের পরিচালক স্নিগ্ধ সিকদার গ্রেফতার

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিদেশে পাচারকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম স্নিগ্ধ সিকদার (৩১), যিনি একাধিক জুয়া সাইটের পরিচালনাকারী ও এজেন্ট হিসেবে পরিচিত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিআইডির তদন্তে জানা যায়, স্নিগ্ধ দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটের কার্যক্রমে জড়িত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।

সিআইডি জানিয়েছে, তারা নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রমের মাধ্যমে এসব অনলাইন বেটিং সাইটের কার্যক্রম শনাক্ত করে এবং এজেন্টদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে। স্নিগ্ধ বিভিন্ন এলাকায় অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাদের মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন এবং পরে কমিশন পরিশোধের পর অবশিষ্ট অর্থ বিদেশে পাচার করা হতো।

এর আগে চলতি বছরের ১৩ জুলাই সিআইডি অপর আসামি সুমন রায়কে গ্রেফতার করে। সুমন আন্তর্জাতিক অনলাইন বেটিং ও অবৈধ জুয়া চক্রের বাংলাদেশ অংশের প্রধান কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে স্নিগ্ধের নাম উল্লেখ করেছেন। স্নিগ্ধের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়ায় সিআইডি তেজগাঁও থানায় মামলা করে এবং তাকে গ্রেফতার করে।

এছাড়া, চলতি বছরের ৭ জুন টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

All Categories