ঐতিহ্যবাহী কার্পেট শিল্পে এআই প্রযুক্তির প্রবেশ

বিশ্বের অন্যতম প্রাচীন পেশাগুলোর মধ্যে কার্পেট তৈরি শিল্প অন্যতম। এই ঐতিহ্যবাহী শিল্পে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে খুচরা বিক্রেতাদের মাধ্যমে এবং অনলাইনে পণ্য বিক্রি করে পারিবারিক মালিকানাধীন কোম্পানি ‘কুকুন রাগস’। কোম্পানির প্রধান নির্বাহী পল ভ্যালি জানান, এআই প্রযুক্তি তাদের ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক এবং বিস্তৃত করেছে।

তিনি বলেন, “আমাদের প্রতিটি বিভাগ—অর্থ, বাণিজ্যিক, বিপণন, সরবরাহ শৃঙ্খল এবং উৎপাদন—প্রায় প্রতিদিন এআই ব্যবহার করছে। এই প্রযুক্তি আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং পণ্যের নকশা, উৎপাদন ও বিপণনের প্রতিটি ধাপে মৌলিক পরিবর্তন এনেছে।”

ভ্যালি আরও জানান, এআই প্রযুক্তির কারণে বিরক্তিকর ও একঘেয়ে কাজগুলো কমে গিয়েছে, ফলে কর্মীদের সৃজনশীলতা এবং গবেষণায় বেশি সময় ব্যয় করার সুযোগ তৈরি হয়েছে।

উত্তর আয়ারল্যান্ডের লিমাভ্যাডির কাছে অবস্থিত ‘সিটিং ম্যাটার্স’ নামের কোম্পানিও এআই প্রযুক্তি কাজে লাগিয়ে বিশেষায়িত ক্লিনিক্যাল চেয়ার তৈরি করে। ব্যবস্থাপনা পরিচালক মার্টিন টিয়ারনি বলেন, এআই এখন তাদের দৈনন্দিন কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ।

তিনি উল্লেখ করেন, “যিনি এআই জানেন, তিনি অন্যের চাকরি নিতে পারেন। তাই আমরা এআইকে সাদরে গ্রহণ করে কর্মীদের উৎসাহিত করছি এবং নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে এর ব্যবহার নিশ্চিত করছি।” টিয়ারনি বলেন, হিসাবরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহে এআই বিপ্লবী পরিবর্তন এনেছে।

তিনি এআইয়ের তুলনা করেছেন ক্যালকুলেটরের সঙ্গে, যা হিসাবরক্ষকের কাজকে সহজতর ও আরও উৎপাদনশীল করে তুলেছিল। এআইও একইভাবে দ্রুততর ও দক্ষতার সহায়ক হিসেবে কাজ করছে।

সিটিং ম্যাটার্স কোম্পানিতে এআই প্রয়োগ কর্মীদের সংখ্যা বাড়িয়েছে এবং তাদের একঘেয়ে কাজ কমিয়ে বুদ্ধিবৃত্তিক কাজে মনোনিবেশের সুযোগ দিয়েছে। টিয়ারনি বলেন, “এআই ব্যবহারে কোনো আইটি ডিগ্রির প্রয়োজন হয় না, শুধু এআইয়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে কাজ সহজ হয়।”

তবে কোম্পানিটি এআই ব্যবহারে কিছু সীমাবদ্ধতা মেনে চলে; রোগীর তথ্য বা আর্থিক তথ্য শেয়ার করা হয় না। টিয়ারনি বলেন, “আমরা সবসময় মানুষের তত্ত্বাবধানে কাজ করি এবং তথ্য যাচাই করি।”

All Categories