ঐকমত্য কমিশনের সংলাপে যাচ্ছে না জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের দ্বিতীয় ধাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রেক্ষাপটে জামায়াত এ সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিদল সেখানে উপস্থিত হয়নি। তবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যেটির নেতৃত্বে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া এনসিপির পক্ষ থেকেও তিন সদস্যের একটি দল সংলাপে অংশ নেয়।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ‘আজ আমরা সংলাপে যাচ্ছি না।’

জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডনে ইউনূস-তারেক বৈঠককে দলটি ইতিবাচকভাবে দেখলেও সেখান থেকে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করাকে তারা ‘উপেক্ষাজনক ও অস্বস্তিকর’ হিসেবে দেখছে। দলটির মতে, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের মাটিতে এসে আলোচনা সাপেক্ষে ঘোষণা দিলে সেটি গ্রহণযোগ্য ও সম্মানজনক হতো।

All Categories