নতুন মহাপরিচালক কে হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির?
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। নতুন মহাপরিচালক কে হচ্ছেন, তা নিয়ে একাডেমির কর্মীদের মধ্যে আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, রেজাউদ্দিন স্টালিনের চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে, আবার কেউ নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা বলছেন।
আজ সোমবার দুপুরে শিল্পকলায় গিয়ে রেজাউদ্দিন স্টালিনকে তার দপ্তরে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলে, তিনি জানান, ‘আমি এখন মন্ত্রণালয়ে আছি।’ মহাপরিচালক পদে তার চুক্তি নবায়ন হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেবে সরকার। বিকালের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত জানা যেতে পারে।’
গত বছরের ২১ সেপ্টেম্বর একাডেমির চারটি বিভাগেও পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল, ফলে তাদেরও চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পরিচালকদের পদে চুক্তি নবায়ন অথবা নতুন পরিচালক নিয়োগ দেওয়ার বিষয়টি শিল্পকলা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘শিল্পকলার মহাপরিচালক নিয়োগের ফাইল প্রক্রিয়াধীন আছে। এ ব্যাপারে এখন বেশি কিছু বলা সম্ভব নয়।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। দীর্ঘসময় তিনি এই দায়িত্বে ছিলেন। ২০১১ সালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অপসারণের দাবি উঠেছিল এবং দুর্নীতির অভিযোগে দুদকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০২৩ সালে সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়, যা নজিরবিহীন।
গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর লিয়াকত আলী লাকী মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন বলে তখনকার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ জানিয়েছিলেন। লাকী ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছিলেন।
ওই বছরের ৯ সেপ্টেম্বর মহাপরিচালক পদে নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এরপর শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন করা হয়।
মহাপরিচালক পদ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
ওয়ারেছ হোসেনকে সরিয়ে প্রায় ছয় মাস পর ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। আবুল ফজল এক সপ্তাহ দায়িত্ব পালন করেন। এরপর রেজাউদ্দিন স্টালিন দায়িত্ব গ্রহণ করেন।