নরসিংদীতে আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুক্রবার (২১ মার্চ) ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫) রয়েছেন। নিহতরা উভয়েই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে সামসু মেম্বার ও তার সমর্থকরা বেশ কিছুদিন ধরে এলাকায় আসেননি, তবে গত ৫ আগস্ট থেকে তারা ফিরে আসেন। এর পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
এদিন ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা চাঁনপুর এলাকায় ফিরে আসতে চাইলে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার লোকজন তাদের বাধা দেন। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে টেঁটা, বল্লম, দা, ছুরি ব্যবহার করা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হন, আর ছুরিকাঘাতে অন্য একজন নিহত হন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেএবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।