নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

নোয়াখালী সদর উপজেলায় চুরির অভিযোগ তুলে মো. কবির হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে বেলালের দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন বিকেল ৪টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার এলাকায় তাকে মারধর করা হয়। নিহত কবির ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জেলা শহরের সোনাপুর পেট্রল পাম্পের পাশে হাসিব ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন ওয়ার্কশপ মালিক মো. হোসেন। তিনি চুরির সিসিটিভি ফুটেজ ফেসবুকে দিয়ে অভিযুক্তকে শনাক্তে সহায়তা চান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি ফোন করে কবিরকে সন্দেহভাজন হিসেবে আটকের কথা জানান। পরে হোসেন লোকজন নিয়ে সেখানে গেলে কবিরকে বেধড়ক মারধর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গুরুতর আহত কবিরকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দেবীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। পরে দোকানের সামনে মরদেহ ফেলে রাখা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিট ১৭ সেকেন্ডের এক ভিডিওতে কবিরকে আহত অবস্থায় খুঁটিতে বেঁধে টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, চুরির অভিযোগে মারধরের ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চারজনকে আটক করা হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

All Categories