নওগাঁয় চালকলে বিস্ফোরণ: নিহত ১, আহত ৪

নওগাঁয় একটি চালকলে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, চালকলে থাকা বয়লার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রভাবে চুল্লির ইট আশপাশে ছিটকে পড়ে, যা ৫০০ মিটার দূরেও দেখা যায়।

এ ঘটনায় আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আরও চারজন।

বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজী ইসারত আলী চালকলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফোরণ ঘটে, ফলে চারদিকে কালো ধোঁয়ায় ছেঁয়ে যায়। আতঙ্কিত শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর ধোঁয়া কমলে তারা আব্দুল খালেককে চাতালের উপর পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন।

ঘটনার সময় চাতালে কাজ করছিলেন হামিদা বেগম। তিনি জানান, হঠাৎ বিকট শব্দ হয় এবং ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে তিনি দেখেন খালেক ভাই পড়ে আছেন। তিনি বলেন, "জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তার সাথে কাজ করতে চাই।"

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্ফোরণের কারণ জানা যাবে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

All Categories