নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে এসআই প্রত্যাহার, অভিযোগ পালাতে সহযোগিতা
নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর অভিযানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের দাবি, প্রথম দফায় আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাসভবন থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেন এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারে তাকে আটক করতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি অন্য একটি মোটরসাইকেলে পালিয়ে যান। পরে গভীর রাতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারির পরপরই এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারের কারণে নয়, বরং প্রথম দফায় দায়িত্ব পালনে অসাবধানতা এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার কারণে এসআইকে ক্লোজ করা হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দফায় আসামিকে আটক না করার তথ্য পুলিশ সুপারের কাছে পৌঁছালে এসআই অসিতকে প্রত্যাহারের নির্দেশ আসে। তবে পরে তিনি নিজেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন।
প্রত্যাহার হওয়া এসআই অসিত কুমার এশিয়া পোস্টকে জানান, আসামিকে অর্থ লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়ার একটি ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হয়েছিল, কিন্তু তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
অন্যদিকে গ্রেপ্তার রাকিবুল হাসানের মা রেহেনা পারভিন জানান, তার ছেলেকে পুলিশ নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে এবং তিনি জেলা পুলিশ সুপারের কাছে কোনো অভিযোগ করেননি।