নির্বাচনে দায়িত্বে থাকবেন ৮০ হাজারের বেশি সেনাসদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনের পরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। এজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

জুলাই-আগস্টের ঘটনায় নিরীহ ও নিরপরাধ ব্যক্তিদের হয়রানি প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরীহ মানুষ যেন আইনের আওতায় না পড়ে সেজন্য সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে যেন কেউ হয়রানির শিকার না হয়।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো। গত বছর থানায় কেউ আসতো না, আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্যান্য বাহিনীগুলোও সক্রিয় ছিল না। এখন হয়তো আমরা কাঙ্ক্ষিত অবস্থানে না পৌঁছালেও নির্বাচনে কোনও সমস্যা নেই।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এমন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে ছিল না।

All Categories