নিজেকে সংস্কার না করলে রাজা বদল হবে, অবস্থা বদলাবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, “সংস্কার আগে নিজের ভেতরে করতে হবে। তারপর স্বাস্থ্য খাত সংস্কারে উদ্যোগ নিতে হবে। না হলে শুধু রাজা বদল হবে, অবস্থা বদলাবে না।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চক্ষু চিকিৎসকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, যারা ভালো কাজ করছেন, দায়িত্ব তাঁদেরই দিতে হবে। পেরিফেরিতে ভালো ডাক্তার নেই। তাই যাঁদের যেখানে প্রয়োজন, সেখানে পাঠাতে হবে। প্রয়োজনে তাঁদের বেশি বেতন দিতেও আমরা রাজি।
চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, “৭ হাজার চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্জন ও চিকিৎসকদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত তা কার্যকর হবে। কিন্তু তার মানে এই নয় যে, বেতন না বাড়া পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ থাকবে। এখনো অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না। রোগী ভর্তি থেকে শুরু করে বেশির ভাগ কাজেই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্যসচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. শাহাব উদ্দিন।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চক্ষু বিশেষজ্ঞেরা অংশ নেন। তাঁরা চক্ষু চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।