নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে গোপন যুদ্ধপরিকল্পনা চুরি

ভারতের বিমানবাহিনীর এক উইং কমান্ডার পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সামরিক গোপন তথ্য ও যুদ্ধপরিকল্পনা দেওয়ার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। অভিযোগে বলা হয়েছে, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে ওই কর্মকর্তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়া হয়েছে।

দিল্লি পুলিশের আদালতে দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই কর্মকর্তা ভারতের সামরিক প্রস্তুতি, ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমানের চালচলন এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনার গোপন তথ্য পাচার করেছেন।

তদন্তে জানা গেছে, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত ওই কর্মকর্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে যোগাযোগ রাখেন। এই সময় তারা ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংক আদান-প্রদান করেন।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, ওই কর্মকর্তা নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে যুদ্ধপরিকল্পনার গোপন নথির একটি পৃষ্ঠা পাঠিয়েছিলেন। তিনি আরও ছবি পেলে নথির অতিরিক্ত পৃষ্ঠা সরবরাহের কথা বলেছিলেন। পুলিশ জানায়, ‘‘প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধে ব্যবহৃত নতুন একটি গোপন পৃষ্ঠা দেওয়া হবে’’ বলে ওই কর্মকর্তা জানান।

তদন্তকারীরা দাবি করেন, শুধু যুদ্ধপরিকল্পনা নয়, ভারতের একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, কাঠামো, পরিচালন সক্ষমতা, পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়নকাল এবং লক্ষ্যবস্তু নির্ধারণ পদ্ধতির তথ্যও ওই কর্মকর্তা সরবরাহ করেছেন।

এছাড়া যুদ্ধকালীন সেনা মোতায়েনের স্থান, লেহের যুদ্ধবিমানের অবস্থান এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়ার তথ্যও ফাঁস হয়েছে বলে অভিযোগ আছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দা ওই কর্মকর্তার ডিভাইসে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। তাকে ম্যালওয়্যারযুক্ত অ্যাপ পাঠিয়ে সংবেদনশীল তথ্য ও অফিসিয়াল যোগাযোগে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি করার চেষ্টা করা হয়েছিল।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ওই কর্মকর্তা নিজের অধীনে থাকা পাঁচ অধস্তন সদস্যের আইসিটি ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টল করারও নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে আরও ডিভাইস ও যোগাযোগ ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের সম্ভাবনা রয়েছে।

মে মাসে বিমানবাহিনী কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। ৩০ মে দিল্লি পুলিশ সরকারি গোপনীয়তা আইনের আওতায় ওই উইং কমান্ডারকে গ্রেফতার করে এবং তাকে তিহার কারাগারে বিচারিক হেফাজতে পাঠায়।

তদন্তকারীরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি গোয়েন্দার হয়ে কাজ করা এক নারী ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে এই গোয়েন্দাগিরি ঘটিয়েছে। ব্যক্তিগত জীবনের সংকটে ওই নারীর সঙ্গে ওই কর্মকর্তার পরিচয় হয় এবং তাদের অনলাইন কথোপকথন থেকে ভিডিও কলে সংযোগ গড়ে ওঠে। পরে ওই নারী ছবি, ভিডিও এবং সামরিক তথ্য চাওয়া শুরু করেন।

ভারতের প্রতিরক্ষা বাহিনীতে এই ঘটনায় সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যমে আরও বড় কোনো গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক সক্রিয় আছে কিনা সে বিষয়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

All Categories