নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প, কাঁপে উঠল ভারত-পাকিস্তান-বাংলাদেশ
নেপালে শক্তিশালী ৬ দশমিক ১ মাত্রা ভূমিকম্প অনভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে বাংলাদেশের রংপুর অঞ্চল।
শুক্রবার ভোররাত ২টা ৩৬ মিনিটে কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে।
তবে ভারতের ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫।
আর জার্মান এবং মার্কিন সংস্থাগুলোর তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা যথাক্রমে ৫.৬ এবং ৫.৫ রিখটার স্কেল।
নেপালের কম্পনের প্রভাব বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে ভারত ও বাংলাদেশের একাধিক এলাকায়।
কম্পনের প্রভাব পড়েছে ভারতের দার্জিলিং, শিলিগুড়ি এবং বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারি, রংপুরে। বাড়ি, সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে।
নেপালে ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে পাকিস্তানও। শুক্রবার ভোর সওয়া পাঁচটা নাগাদ কম্পন অনুভূত হয় সেদেশে।
ডনের খবরে বলা হয়, ৪.৫ রিখটার স্কেলে কেঁপে উঠে পাকিস্তান। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ভারত ছাড়াও তিব্বত, চিনের একাধিক এলাকায় কম্পনের প্রভাব পড়েছে।