নববর্ষে মমর উপহার ‘ননসেন্স’,একটি পারিবারিক গল্পের সিরিজ
বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে জাকিয়া বারী মম অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’। শহরকেন্দ্রিক দুটি মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত ছয় পর্বের এ সিরিজটি পরিচালনা করেছেন রাকেশ বসু।
‘ননসেন্স’-এর গল্পে দেখা যাবে, একই অ্যাপার্টমেন্টে বসবাসরত দুই ভিন্ন চিন্তাধারার পরিবারের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। হঠাৎ একটি ঘটনার সূত্র ধরে দুই পরিবারের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব, আর সেখান থেকেই গল্প এগিয়ে চলে নানা মোড় ঘুরে।

সিরিজটিতে মমর সঙ্গে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজসহ আরও অনেকে। বছরখানেক আগে ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন জাকিয়া বারী মম। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। পরবর্তী সময়ে মম হয়ে ওঠেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের এক নির্ভরযোগ্য মুখ।
অভিনয়ে মম বরাবরই গল্প ও চরিত্রের গভীরতায় গুরুত্ব দিয়ে থাকেন। কাজের সংখ্যায় খুব বেশি না দেখা গেলেও, তার অভিনয় সবসময়ই প্রশংসিত হয়েছে দর্শকমহলে। নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’-এ তার অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা।