কপ৩১ শেষ হলেও জলবায়ু চুক্তি হয়নি

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) রোববার শেষ হলেও কোন চুক্তিতে পৌঁছানো যায়নি। মূল অধিবেশনের পর অতিরিক্ত ৪৪ ঘণ্টা আলোচনার পরও অংশগ্রহণকারী দেশগুলো ঐক্যমত্যে আসতে ব্যর্থ হয়। ফলে সম্মেলনের সমাপ্তি বিশৃঙ্খলার মধ্য দিয়ে হয়।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে স্পষ্ট উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে। আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী দারা ও’ব্রায়েন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যা খসড়ায় নেই, তাই তারা সমর্থন দেয়নি। তিনি আরও বলেন, ‘তেল উৎপাদনকারী কিছু দেশ সম্মেলনটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।’

চূড়ান্ত প্রস্তাবে কয়লা, তেল ও গ্যাসের উল্লেখ ছিল না। বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী দেশগুলো এই শব্দ ব্যবহারে বারণ করে। অস্ট্রেলিয়া সমাপনী সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া সত্ত্বেও বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ু দূত ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, ‘‘জীবাশ্ম জ্বালানির স্বার্থ রক্ষায় আমরা আমাদের ভবিষ্যতের সাথে আপস করব না।’’

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত নিতে ঐকমত্য প্রয়োজন, যেখানে মাত্র একটি দেশও আপত্তি জানালে চুক্তি আটকে যায়। ইইউ ছাড়াও পানামা, ভানুয়াতু ও বেলিজ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। তুরস্কের পরিবেশমন্ত্রী ও কপ৩১ সভাপতি মুরাত কুরুম জানিয়েছেন, সম্মেলনে চুক্তিতে সম্মতি পাওয়া যায়নি, তাই কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

খসড়ায় জীবাশ্ম জ্বালানি শব্দটি সরাসরি উল্লেখ না থাকলেও ‘কার্বন ক্যাপচার’ প্রযুক্তির সম্প্রসারণের প্রস্তাব রয়েছে, যা জীবাশ্ম জ্বালানি খাত সমর্থন করে। সৌদি আরবের প্রতিনিধিত্বকারী মোহাম্মদ আইয়ুব বলেন, ‘‘জলবায়ু মোকাবিলায় সব ধরনের সমাধান বিবেচনায় নিতে হবে, দেশগুলো তাদের প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’’ পরিবেশবাদী সংগঠন ৩৫০ ডট অর্গের সারা শ এই খসড়াকে ‘দূষণের অনুমতিপত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন।

All Categories