ইন্দোনেশিয়ায় বাংলাদেশগামী জাহাজ থেকে ৪০৫ টন বিস্ফোরক উপাদান উদ্ধার

বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়া একটি বিদেশি জাহাজ থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় এলাকায় কোমোরোস পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, চীন থেকে বাংলাদেশগামী ওই জাহাজটি বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল।

তিনি আরও জানান, ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ জাহাজটির অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করার পর যোগাযোগ করে। জাহাজটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হওয়ায় সন্দেহ হয় এবং নথিপত্র ও পণ্য পরিদর্শন শেষে অসঙ্গতি ধরা পড়ে।

তল্লাশি চালিয়ে ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট নামক কৌশলগত রাসায়নিক পাওয়া যায়, যার মোট পরিমাণ ৪০৫ টন। নথিপত্রে জাহাজটির আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ ও কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ থাকলেও এর বৈধতা স্থগিত রয়েছে।

নৌবাহিনী জানায়, জাহাজটির প্রশাসনিক ও যাতায়াত সংক্রান্ত কাগজপত্র এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মেনে চলা হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত চলছে।

All Categories