Sep 03, 2025
নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন সাময়িক বহিষ্কার

নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় আলী হুসেন নামের এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেন। ঘটনাটি তদন্ত করে প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটি বহিষ্কারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এতে আরও উল্লেখ করা হয়, প্রক্টরের এখতিয়ারের সর্বোচ্চ শাস্তি হলো এই বহিষ্কার। একই সঙ্গে অভিযোগটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে।

আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮।

হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর সোমবার (১ সেপ্টেম্বর) আলী হুসেন ফেসবুকে এক পোস্টে নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গণধর্ষণের হুমকি দেন। পরে তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। তবে তার আগের কিছু ফেসবুক পোস্টে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

All Categories